আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা-১৭ আসনে পোস্টাল ব্যালট গ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মনিরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) ঢাকা-১৭ আসনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনে এই নিয়োগ কার্যকর হয়। নিয়োগপত্র অনুযায়ী, মনিরুল ইসলাম পোস্টাল ব্যালট গ্রহণ, পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ ও সংরক্ষণ কার্যক্রম তদারকি এবং আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ভোট গণনার সময় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন।
এ সময় ঢাকা-১৭ আসনে তারেক রহমানের ধানের শীষ প্রতীকের প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
নিয়োগ প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, “আমার উপর এই গুরু দায়িত্ব অর্পণ করায় প্রিয় নেতা তারেক রহমানের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সততা, নিষ্ঠা ও অভিজ্ঞতার মাধ্যমে অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, মনিরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তরের সহ-আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।