পিআইবি জার্নালিজম এলামনাই এসোসিয়েশন (পিবজা)’র উদ্যোগে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রাঙ্গণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিআইবির সাবেক শিক্ষার্থী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং পিআইবির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এসময় তিনি পিআইবিতে একটি আধুনিক ও সুন্দর ক্যান্টিন স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি পিআইবি জার্নালিজম এলামনাই এসোসিয়েশন (পিবজা)’কে আরও সক্রিয় ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় নানা দিকনির্দেশনা দেন।
ইফতার অনুষ্ঠানে পিআইবির বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী, সাংবাদিক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে অনেকেই পিআইবিতে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন এবং সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবজা’র সভাপতি রুহী শামসাদ আরা, সেক্রেটারি রথীন্দ্রনাথ রবিন, সিনিয়র সহ-সভাপতি এম এ মোনায়েম, সাংগঠনিক সম্পাদক মো. বশিরুল ইসলাম এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা মো. নেসারুদ্দিন মিঞা।
এছাড়াও ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবিসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং পিআইবির সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় আয়োজকরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, পিআইবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতেই এই ইফতার আয়োজন করা হয়েছে।
তারা জানান, ভবিষ্যতে এলামনাই কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। ইফতারির পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি পিআইবি জার্নালিজম এলামনাই এসোসিয়েশনের সাবেক সদস্য এ্যাভোকেট বেলায়াত হোসেনের রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।