আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ক্যাম্পাসে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ২০২২-২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসের এই ইফতার আয়োজনে পিআইবি থেকে সদ্য পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- ইমতিয়াজ হোসাইন, সুরেশ চন্দ্র রায়, ইমরুল কায়েস, লিটন হোসাইন জিহাদ, রিয়াজ ইনসান, মাঈনুল হোসাইন, কায়কোবাদ সহ আরও অনেকে। পিআইবির শিক্ষা জীবন ও এটি কতটা প্রেরণাদায়ী ছিল তা তারা তাদের বক্তব্যে তুলে ধরেন এবং ভবিষ্যতে একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে একে অপরের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং ভবিষ্যতে একে অপরকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও, শিক্ষকগণের মধ্যে পিআইবির সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, প্রভাষক শুভ কর্মকার এবং প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন শিক্ষার্থীদের এই আয়োজনের প্রশংসা করেন এবং সুন্দর ক্যারিয়ার গড়ার পরামর্শ প্রদান করেন।
ইফতারের পূর্ব মূহুর্তে সম্মিলিত মোনাজাত পেশ করেন পিআইবির ২০২২-২০২৩ ব্যাচের শিক্ষার্থী হারুন অর রশিদ। দোয়া-মোনাজাতের মাধ্যমে সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক-এর রূহের মাগফেরাতের জন্য দোয়া করা হয় এবং দেশে ও দেশের জনগণের জন্য মঙ্গল কামনা করা হয়।
এ সময়, পুরো পিআইবি অঙ্গন এক মিলন মেলায় পরিণত হয়, যেখানে শিক্ষার্থী এবং শিক্ষকরা একত্রিত হয়ে আন্তরিকতার সঙ্গে একে অপরের প্রতি শুভেচ্ছা জানিয়ে রমজান মাসের পবিত্রতা উদযাপন করেন। এই আয়োজনটি শুধুমাত্র একটি ইফতার অনুষ্ঠান ছিল না, বরং এটি পিআইবির শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।