বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাস রপ্তানি হলেও অন্তর্বর্তীকালীন সরকার এসে তা বাতিল করেছে। তবে পুরো ব্যাপারটিকে গুজব উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সম্প্রতি সময়ে বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির বিষয়টি আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বার্তায় এ ব্যাখ্যা জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত ২৫ আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সাধারণ জনগণ দাবি জানিয়ে আসছিল। সেখানে আরো বলা হচ্ছে যে, আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার জন্য যে গ্যাস লাইনের সংযোগগুলো ছিলো সেগুলোও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হচ্ছে না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক মোটেই সঠিক দাবি নয়। পক্ষান্তরে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ধারাণকৃত একটি ভিডিও । যার সাথে বর্তমান পরিস্থির কোন মিল নেই।
মন্ত্রণালয় আরো জানায়, ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি।