বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (Ophthalmological Society of Bangladesh-OSB) ৫২তম বার্ষিক সম্মেলনে ডা. সায়ীদ মেহবুব উল কাদির-কে ‘অধ্যাপক এম. এ. মতিন মেমোরিয়াল গোল্ড মেডেল ২০২৫’ প্রদান করা হয়েছে। এই সম্মাননা তাঁকে চক্ষু চিকিৎসা ক্ষেত্রে সর্বোত্তম বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধের স্বীকৃতি ও অসামান্য অবদান হিসেবে প্রদান করা হয়। তিনি অরবিট, অকুলোপ্লাস্টিক, অ্যাস্থেটিক ও চক্ষু ক্যান্সার চিকিৎসায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ডা. সায়ীদ মেহবুব উল কাদির বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইনস্টিটিউট-এ কনসালট্যান্ট হিসেবে নিয়মিত রোগী দেখছেন। চিকিৎসা সেবায় প্রবেশের আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে এমবিবিএস পাশ করেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটাল, ঢাকা থেকে সমাপ্ত করেন এমএস (চক্ষু)। এছাড়াও, শংকর ইনস্টিটিউট অব অপথালমোলজি, বিশাখাপত্তনম, ভারত থেকে অরবিট ও অকুলোপ্লাস্টিক সার্ভিসেসে দীর্ঘমেয়াদি ফেলোশিপ সম্পন্ন করেন।

মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে চক্ষু চিকিৎসকদের সম্মিলিত ছবি
উল্লেখ্য, এর আগে তিনি তাঁর গবেষণা ও পেশাগত অবদানের জন্য এশিয়া-প্যাসিফিক অ্যাকাডেমি অব অপথালমোলজির (APAO) অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৮ এবং IESRF রিসার্চ অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৪৯টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন এবং ‘Handbook of Ophthalmology’-এর মতো একাধিক বইয়ের লেখক হিসেবে তার ব্যাপক খ্যাতি রয়েছে। বাংলাদেশের চক্ষু চিকিৎসার ক্ষেত্রে ডা. সায়ীদ মেহবুব উল কাদির-এর এই সম্মাননা চক্ষু সেবার প্রতি আরো বেশি উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে ডা. সায়ীদ মেহবুব উল কাদির-এর পেশাগত দক্ষতা, গবেষণা ও প্রশিক্ষণ বাংলাদেশে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।