বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান কামাল আনোয়ার আহাম্মদ। তিনি এর আগে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি এবং নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই কমিটিতে দ্বিতীয় সহ-সভাপতি পদে দায়িত্ব পান কামাল আনোয়ার আহাম্মদ।
রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা কামাল আনোয়ার আহাম্মদের এ পদপ্রাপ্তির খবরে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয় এবং শুক্রবার সন্ধ্যায় উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মৌমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
তৃণমূল থেকে উঠে আসা কামাল আনোয়ার আহাম্মদ ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও আহ্বায়ক এবং পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার কারাবরণ করেন এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়েছিল। নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এ পদে তাকে মূল্যায়ন করা হয়েছে।
রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম বলেন, “কামাল আনোয়ার আহাম্মদ রাজনৈতিক জীবনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাকে কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করায় আমরা অত্যন্ত আনন্দিত।”
উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন বলেন, “কামাল আনোয়ার আহাম্মদ আমাদের রাণীশংকৈলের গর্ব। তিনি দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার এই মূল্যায়নে আমরা কৃতজ্ঞ।”
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ বলেন, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি রাজনৈতিক জীবনের সহযোদ্ধা, শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ধন্যবাদ জানান।
তিনি বলেন, “দায়িত্ব আরও বেড়ে গেল। দলের আদর্শ বুকে ধারণ করে আমৃত্যু জনগণের জন্য কাজ করতে চাই। বিশেষ করে গরিব ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
____________________________________________
সম্পাদক: ড. মিজানুর রহমান
ঠিকানা: ১৮ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ই-মেইল: chosmachannel@gmail.com, www.chosmachannel.com
www.chosmachannel.com